শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

জাপানের তথ্যপ্রযুক্তি বাজারে যাবেন নর্থ সাউথের শিক্ষার্থীরা


জাপানের তথ্যপ্রযুক্তি বাজার দেখতে পাবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রনিঙ্ অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রিক্যাল বিভাগে স্নাতক শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। এ জন্য জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষার্থীদের তিন সেমিস্টারব্যাপী জাপানি ভাষা প্রশিক্ষণ দেবে জাপানের কিওকম হোল্ডিংসের সহযোগী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইউনিকা গ্রুপ। কোর্স পরিচালনার জন্য জাপান থেকে প্রশিক্ষকও আনবে ইউনিকা।

অনলাইনে অর্থ স্থানান্তরে সিম্পলিসেন্ডবিডি

অনলাইনে অর্থ স্থানান্তরের সুবিধা হিসেবে ‘সিম্পলিসেন্ডবিডি’ নামের একটি সেবা চালু করল ক্যাসাডা টেকনোলজি বাংলাদেশ। আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেইজার বাংলাদেশের জন্য তৈরি নতুন সেবা সিম্পলিসেন্ডবিডি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্যাসাডা টেকনোলজি। বাংলাদেশে সিম্পলিসেন্ডবিডি চালু প্রসঙ্গে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা নাদিমুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশ থেকে প্রবাসীদের জন্য টাকা পাঠানো অনেক কঠিন, তবে সিম্পলিসেন্ডবিডি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সহজেই টাকা পাঠানো সম্ভব হবে বাংলাদেশের ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে এবং সহজে এ টাকা তোলাও সম্ভব হবে।

অবৈধ ইন্টারনেট ব্যবসা করছে ওলো

ওলো ওয়্যারলেস ইন্টারনেট। বিনা লাইসেন্সেই তারবিহীন ইন্টারনেট-সেবা দিচ্ছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নামে তারসহ ইন্টারনেট-সেবা বা ব্রডব্যান্ড অর্থাৎ ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্সও নেই। কিন্তু একাধিক প্রতিষ্ঠানের তরঙ্গ নিয়ে দিব্যি ইন্টারনেট ব্যবসা চালাচ্ছে ওলো। এমনকি ওলোর বিল পরিশোধের জন্য একটি মুঠোফোন অপারেটর তাদের মোবাইল ক্যাশ পয়েন্ট ব্যবহারের জন্য মুঠোফোনে বিজ্ঞাপনও দিয়েছে। ওলোর ই-মেইল ঠিকানা: ollo@bd.multinet.net।

মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২

ফেসবুকে আসছে ‘ওয়ান্ট’

অবশেষে গুজব সত্যি প্রমাণ করে আনুষ্ঠানিকভাবে ‘ওয়ান্ট’ বাটন চালুর কথা জানিয়ে দিল ফেসবুক। ইংরেজি ‘ওয়ান্ট’ শব্দটির বাংলা ‘চাওয়া’। ফেসবুকে কোনো কিছু পছন্দ হলে এত দিন যেমন ‘লাইক’ করা যেত, এবারে তেমনি কোনো পণ্যের বিষয়ে আগ্রহ থাকলে তা ওয়ান্ট করার সুবিধা যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অ্যান্ড্রয়েডচালিত সিম্ফনির পাঁচ স্মার্টফোন

Symphony Xplorer W100
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাঁচটি স্মার্টফোন দেশের বাজারে নিয়ে এসেছে সিম্ফনি। এক্সপ্লোরার সিরিজের ডাব্লিউ ৫, ডাব্লিউ ১০, ডাব্লিউ ২৫, ডাব্লিউ ৫০ ও ডাব্লিউ ১০০ মডেলের সব কয়টি হ্যান্ডসেটেই আছে দ্রুতগতির প্রসেসর, জিপিআরএস, এজ ও ওয়াইফাই ডাটা সিস্টেম সুবিধা। আরো আছে ব্লুটুথ, ক্যামেরা, এফএম রেডিও, এমপিথ্রি, এমপিফোর, অফিস স্যুটসহ ডুয়েল সিম ব্যবহারের সুযোগ। এ ছাড়া ব্যবহারকারীরা সহজেই অ্যান্ড্রয়েড মার্কেট থেকে সাড়ে চার লাখেরও বেশি অ্যাপ্লিকেশন, গেইমস ও সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।

ড্রাগনের মহাকাশ যাত্রা

শাটল যুগের সমাপ্তির পর প্রথমবারের মতো ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান স্পেসএক্স নির্মিত ‘ড্রাগন’ কার্গো যানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে (আইএসএস) রওনা হয়েছে। রোববার রাত আটটা ৩৫ মিনিটে ফ্লোরিডা থেকে ফ্যালকন রকেটে করে এ কার্গো যানটিকে পাঠানো হয়েছে। ১০ অক্টোবর বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে ড্রাগন আর ফিরবে চলতি মাসের শেষ নাগাদ। খবর বিবিসির।

আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’

চলতি অক্টোবর মাসেই বাজারে আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ নামের টাচস্ক্রিন সুবিধার একটি স্মার্টফোন। স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ ফোনটি হবে সাশ্রয়ী দামের। দুই সিম সুবিধার এ স্মার্টফোনটিতে থাকবে আড়াই ইঞ্চি মাপের স্ক্রিন। বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের সুবিধার পাশাপাশি মুঠোফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব চ্যাট অ্যাপ্লিকেশন ‘চ্যাট অন’ সুবিধাও থাকবে।